সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের জন্য এবং অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ, হ্নীলা—কক্সবাজার তথা দক্ষিণ চট্টগ্রামের এক সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ। প্রায় শতবর্ষ ধরে এই প্রতিষ্ঠানটি পবিত্র কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান বিতরণ, আদর্শ নাগরিক গঠন এবং সমাজে দ্বীনি চেতনার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মুজাহিদে মিল্লাত আলহাজ্ব শাহ আবুল মনজুর (রহ.) এবং অলিকুল সম্রাট আল্লামা শাহ ইসহাক ছদর সাহেব (রহ.)-এর মতো মহান আকাবিরদের অক্লান্ত শ্রম, ত্যাগ ও আধ্যাত্মিক ফয়জে গড়ে ওঠা এই জামিয়া আজ বিশাল মহীরুহে পরিণত হয়েছে। মকতব ও নূরানী থেকে শুরু করে হিফজুল কুরআন, দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান), ইফতা ও তাজবীদ বিভাগের পাশাপাশি যুগোপযোগী কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের উপযোগী করে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।
আমাদের লক্ষ্য কেবল পুঁথিগত শিক্ষা প্রদান নয়; বরং ইলমের সাথে আমল, তাকওয়া, সুন্নাতের অনুসরণ এবং মানবসেবার মহান গুণাবলী শিক্ষার্থীদের হৃদয়ে প্রোথিত করা। আমি দেশ-বিদেশের সকল দ্বীনদার মুসলিম ভাই-বোন, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত ইলম ও হেদায়াতের মারকায হিসেবে কবুল করুন। আমীন।