পটিয়া মাদরাসা থেকে আগত যশস্বী আলেম ও আধ্যাত্মিক প্রাণশক্তি, যাঁর রুহানি ফয়জ ও ইলমি তত্ত্বাবধানে জামিয়ায় দাওরায়ে হাদীস সূচিত হয়।
জন্ম ও বংশ-পরিচিতি:-
আল্লামা শাহ ইসহাক সদর সাহেব (রহ.) ১৯১৬ খ্রিস্টাব্দের কোনো এক পবিত্র দিনে নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব সিকদারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা ছিলেন মাওলানা আবদুর রউফ (রহ.) এবং দাদার নাম ছিল মাওলানা আবদুস সোবহান (রহ.)। তাঁর মায়ের নাম শরফুন্নেছা (রহ.)।
তাঁর পিতা মাওলানা আবদুর রউফ (রহ.) তৎকালীন প্রসিদ্ধ বিদ্যাপীঠ বাঁশখালী পুঁইছড়ি মাদরাসায় পড়ুয়া একজন দ্বীনদার আলেম ও খ্যাতিমান ওয়ায়েজ ছিলেন। আর তাঁর দাদা ছিলেন তৎকালীন সরকারি কাজি। তাঁর দাদার পাঁচ ছেলে ছিলেন। সবাই ছিলেন আলেমে দ্বীন। তাঁর এক চাচা ছিলেন মাওলানা মুহিউদ্দীন (রহ.)। তিনি পটিয়ার মুফতি আজিজুল হক (রহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।
শাহ ইসহাক সদর সাহেব (রহ.)-এর এক ভাই ও পাঁচ বোন ছিলেন। তাঁর অপর ভাই শাহ ইসমাঈল (রহ.) যৌবনকালে মৃত্যুবরণ করেন। নির্ভরযোগ্য সূত্র মতে, তাঁর পূর্বপুরুষ সবাই ছিলেন তৎকালীন যুগের বড় বড় আলেম। হযরতের পরিবারকে সেই যুগে কাজির বাড়ি হিসেবে আখ্যায়িত করা হতো।
হযরতের বংশের সম্ভ্রান্ত লোকেরা নামের শেষে সাধারণত উসমানী উপাধি ব্যবহার করে থাকেন। এর কারণ জানতে চাইলে হুজুরের সাহেবজাদা মাওলানা আবদুর রহমান (দা.বা.) বলেন, যদিও আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য নেই, কিন্তু অনেক পূর্ব থেকে আমাদের মাঝে কথিত আছে যে, আমাদের বংশপরম্পরা হযরত উসমান (রা.) পর্যন্ত পৌঁছে। তাই আমরা উসমানী উপাধি ব্যবহার করে থাকি।
লেখাপড়ার সূচনা:-
পড়ালেখার হাতেখড়ি হয় শ্রদ্ধেয় পিতা মাওলানা আবদুর রউফ (রহ.)-এর নিকট। এরপর ১৯২১ খ্রিস্টাব্দে মাত্র ৫ বছর বয়সে তিনি নিজ এলাকার একটি এবতেদায়ি মাদরাসায় ভর্তি হন।
অতঃপর ১৩৪৭ হিজরি মোতাবেক ১৯২৭ খ্রিস্টাব্দে দারুস সুন্নাহ মাদরাসা (সরকারি) প্রতিষ্ঠিত হলে তিনি সেখানে ভর্তি হন। সেখানে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে নিম্ন-মাধ্যমিক স্তরের পড়ালেখা সমাপ্ত করেন।
পুঁইছড়ি সরকারি আলিয়া মাদরাসায় অধ্যয়ন:-
অতঃপর ১৯৩৮ খ্রিস্টাব্দে অনন্য মেধার অধিকারী ও বিরল প্রতিভার কিশোর শাহ ইসহাক উচ্চতর জ্ঞান অর্জনের অভিপ্রায়ে অদম্য স্পৃহা নিয়ে ছুটে যান তৎকালীন দক্ষিণ চট্টগ্রার সাড়া জাগানো ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষানিকেতন বাঁশখালী থানার অন্তর্গত পুঁইছড়ি সরকারি আলিয়া মাদরাসায় (প্রকাশ: ইজ্জত আলী মিঞার মাদরাসা)। সেখানে তিনি যুগশ্রেষ্ঠ শিক্ষকদের সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেন। অত্যন্ত কৃতিত্বের সঙ্গে ১৯৪০ খ্রিস্টাব্দে দাখিল (পঞ্চম), ১৯৪২ খ্রিস্টাব্দে আলিম (তৃতীয়) ও ১৯৪৪ খ্রিস্টাব্দে ফাজিলে (উলা) ফার্স্টক্লাসে প্রথম স্থান অধিকার করেন।
আদর্শ ও নীতি-নৈতিকতা:-
আদর্শ ও নীতি-নৈতিকতায় তিনি ছিলেন অদ্বিতীয়। সুন্নাতে নববীর অনুসরণ ও উস্তাদভক্তিতে তাঁর কোনো তুলনা ছিল না। সামান্য সময় পেলেই নফল ইবাদত ও শিক্ষকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। শিক্ষকরাও তাঁকে অনেক মুহব্বত করতেন। এমনকি ছাত্রদের বিভিন্ন উপদেশ দেওয়ার সময় তাঁকে আদর্শ ও উপমাস্বরূপ উপস্থাপন করতেন।
দারুল উলুম দেওবন্দে উচ্চশিক্ষা:-
পুঁইছড়ি মাদরাসায় যখন তিনি জামায়াতে উলা সমাপ্ত করেন, তখন দাওরায়ে হাদীস কোথায় পড়বেন, তা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন। পরে স্বীয় উস্তাদদের পরামর্শক্রমে ১৯৪৫ সালে উলূমে নববীর উচ্চস্তরের ইলম অর্জনের লক্ষ্যে তিনি পাড়ি জমান ইসলামী শিক্ষার মহান প্রাণকেন্দ্র ‘আযহারুল হিন্দ’ খ্যাত দারুল উলুম দেওবন্দে। তথায় তিনি দাওরায়ে হাদীস সমাপ্ত করেন। এরপর তাফসীরের ওপর উচ্চতর পড়াশোনার জন্য তাফসীর বিভাগে ভর্তি হন।
দীর্ঘদিন তাফসীর বিভাগে অধ্যয়নের পর সদর সাহেব (রহ.) জ্বরে আক্রান্ত হন। দিনের পর দিন জ্বরের মাত্রা বাড়তে লাগল। অবশেষে ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে তিনি নিজ মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
দেওবন্দে তাঁর শিক্ষকগণ:-
দারুল উলুম দেওবন্দে তিনি যাঁদের কাছে শিক্ষা লাভ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন—
১. শায়খুল ইসলাম সায়্যিদ আল্লামা হুসাইন আহমদ মাদানী (রহ.)
২. আল্লামা মুফতি মুহাম্মদ শফী উসমানী (রহ.)
৩. শায়খুল আদব আল্লামা এযায আলী (রহ.)
৪. শায়খুল মাকুলাত ওয়াল মানকুলাত আল্লামা ইবরাহীম বলিয়াভী (রহ.) প্রমুখ।
ইমামতি দিয়ে কর্মজীবনের সূচনা:-
দারুল উলুম দেওবন্দে পড়ালেখা শেষ করার পর ১৯৪৬-৪৭ সালে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
দেশে প্রত্যাবর্তনের পর তিনি সিকদারপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
হিফজ সমাপ্তির আশ্চর্য ঘটনা:-
শাহ ইসহাক সদর সাহেব (রহ.) আগে থেকেই বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে অভ্যস্ত ছিলেন। দেওবন্দে থাকাকালীনও তিনি একটু বিরতি পেলেই কোরআন তিলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। দেশে এসে যখন তিনি মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পান, তখন তিনি আরও অধিক পরিমাণে কোরআন তিলাওয়াতের সুযোগ পান। এই সুযোগের সদ্ব্যবহার করে তিনি মসজিদের এক পাশে বসে বসে নিজে নিজেই অল্প সময়ে কোরআন শরীফের হিফজ সমাপ্ত করেন।
জামিয়া পটিয়ায় শিক্ষক হিসেবে নিয়োগ:-
একদিন শাহ সদর সাহেব (রহ.) শায়খের নির্দেশমতে পটিয়া আসেন। আপন শায়খের সান্নিধ্যে বেশ কিছুদিন অবস্থান করার পর হ্নীলা প্রত্যাবর্তনের ইচ্ছা করলে মুফতি সাহেব (রহ.) তাঁর সামনে একটি প্রস্তাব পেশ করেন। মুফতি সাহেব (রহ.) বললেন, তুমি পটিয়া মাদরাসায় শিক্ষকতা করবে এবং অন্যান্য শিক্ষকের মতো তোমার বেতনও আমি পঁচিশ টাকা নির্ধারণ করেছি। তখন থেকেই সদর সাহেব (রহ.)-এর অধ্যাপনা জীবনের সূচনা। তিনি ১৯৪৯ খ্রিস্টাব্দে আপন শায়খের নির্দেশক্রমে জামিয়া ইসলামিয়া পটিয়ায় সিনিয়র শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে সেখানে সফল শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেন। দাওরায়ে হাদীসের কিতাবসহ দরসে নেজামীর বহু জটিল কিতাবের দরস দেন।
পটিয়া থেকে হ্নীলা মাদরাসায়:-
হ্নীলা দারুস সুন্নাহ মাদরাসার তৎকালীন পরিচালক শাহ আবুল মনযুর (রহ.)-এর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, শাহ ইসহাক সদর সাহেব (রহ.)-এর মাধ্যমে হ্নীলা মাদরাসার পড়ালেখা ও শিক্ষা-দীক্ষার মান উন্নত করবেন। তাই তিনি সদর সাহেব (রহ.)-কে হ্নীলা মাদরাসায় চলে আসার জন্য জোর দিতে থাকেন। অবশেষে ১৯৫৭ সালে সদর সাহেব (রহ.) পটিয়া মাদরাসা থেকে বিদায় নিয়ে হ্নীলা মাদরাসায় সদরুল মুদাররিসীন ও শায়খুল হাদীস হিসেবে যোগদান করেন। শাহ আবুল মনযুর (রহ.)-এর মৃত্যুর পর তিনি হ্নীলা মাদরাসার সদরে মুহতামিমের পদে অধিষ্ঠিত হন। আর আমৃত্যু প্রায় একাধারে অর্ধশতাব্দীর অধিককাল শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব আঞ্জাম দিয়েছেন।
আধ্যাত্মিক দীক্ষা:-
হযরত ইসহাক সদর (রহ.) নিজের বাইআত হওয়ার ঘটনা এভাবে বর্ণনা করতেন— আমি দেওবন্দ যাওয়ার পর একজন কামেল শায়খের অন্বেষণ করতে থাকি। কারণ একজন আল্লাহওয়ালা বুজুর্গের হাতে বাইআত হওয়ার আমার সীমাহীন আগ্রহ ছিল।
দারুল উলুম দেওবন্দের ছাত্রজীবনে শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর হাতে বাইআত হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সে ইচ্ছা পূর্ণ হয়নি। এরপর পাকিস্তানের সাবেক মুফতিয়ে আজম আল্লামা মুফতি শফী (রহ.)-এর কাছে চিঠির মাধ্যমে বাইআত হওয়ার জন্য আবেদন করি। প্রত্যুত্তরে তিনি চিঠি লিখলেন, শায়খ-মুরিদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকা জরুরি। চিঠিপত্রের মাধ্যমে তা সম্ভব নয়। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি। এরই মাঝে একদিন আমি স্বপ্নে দেখি, এক বুজুর্গ খাটের ওপর ঘুমাচ্ছেন। তাঁর চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি যখন তাঁর নিকটবর্তী হলাম, তিনি হঠাৎ আল্লাহ আল্লাহ করতে করতে দাঁড়িয়ে গেলেন। আমিও তাঁর সঙ্গে আল্লাহ আল্লাহ করতে লাগলাম।
ওই বুজুর্গ আমাকে তিনটি সাদা বর্ণের জিনিস খাওয়ালেন। লোকেরা আমাকে বলল, তিনি অনেক বড় মাপের বুজুর্গ। আর চতুর্পার্শ্বের আগুন হচ্ছে তাঁর কারামত। এ আগুন কারও ক্ষতি করে না। এই ঘটনার দুই-তিন মাস পর পটিয়ার মুফতি আজিজুল হক (রহ.) হ্নীলায় তাশরীফ আনেন। আমি তাঁর সাক্ষাৎ করলাম। এটাই ছিল হুজুরের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। হযরতকে দেখেই আমি চমকে উঠলাম—আরে! ইনিই তো সেই বুজুর্গ, যাঁকে আমি কয়েক মাস পূর্বে স্বপ্নে দেখেছিলাম। আমি একাকী মুফতি সাহেবকে আমার স্বপ্নের কাহিনী শোনালাম। আমি স্বপ্নের কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বোধগম্য হচ্ছে না।
তখন অনেকেই হুজুরের কাছে বাইআত হতে চাইলে হুজুর তাদের বাইআত করে নেন। কিন্তু আমি আবেদন করার পরও আমাকে বাইআত করাননি। বরং আরও বললেন, সফর অবস্থায় মানুষ চেনা কঠিন। সুতরাং আপনি সময় করে পটিয়া আসুন। তখনো বাইআত হওয়ার আগ্রহ থাকলে বিবেচনা করা যাবে। মুফতি সাহেব (রহ.)-এর সফরসঙ্গী হয়ে আমিও ঘুনধুম পর্যন্ত আসি। ঘুনধুমের একটি মসজিদে যখন হুজুর আরাম করছিলেন, তখন আমি কথার মোড় ঘুরিয়ে বললাম, হুজুর, আমার যদি পটিয়া যেতে বিলম্ব হয়, আমি বঞ্চিত হয়ে যাব। এবার মুফতি সাহেব (রহ.) আর অস্বীকার করলেন না। তখন ঘুনধুমের একটি স্থানীয় মসজিদে হুজুর আমাকে বাইআত করে নেন। এরপর আমি ঘরে ফিরে এলাম, হুজুর চলে গেলেন। কিছুদিন পর হুজুরের একটি চিঠি আমার হস্তগত হয়। সেখানে লেখা ছিল, আপনি পটিয়া মাদরাসায় চলে আসুন। আপনার আন্তরিকতাপূর্ণ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সঙ্গে সাক্ষাতের পূর্বে যদি মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে নিজের কাছে ডেকে নেন, তাহলে আপনি নিজেকে আমার খলিফা হিসেবে মনে করবেন। অর্থাৎ, অর্থের দিক থেকে তিনি তাঁকে খেলাফত দিয়ে দিয়েছিলেন।
হজব্রত পালন:-
শাহ ইসহাক সদর সাহেব (রহ.) বেশ কয়েকবার হজব্রত পালন করেছেন। তবে তাঁর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো ১৩৭৪ হিজরিতে আপন শায়খ মুফতি আজিজুল হক (রহ.)-এর সঙ্গে জীবনের সর্বশেষ হজ। এ হজে মুফতি সাহেব (রহ.) কেবল তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও মুরিদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সদর সাহেব (রহ.)ও সেসব সৌভাগ্যবানদের মধ্যে ছিলেন।
রচনাবলি:-
বহুমুখী যোগ্যতা ও প্রতিভার পাশাপাশি লেখালেখির ময়দানেও গুরুত্বপূর্ণ কিতাবাদির নিয়মিত দরস প্রদান, আগত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, দূর-দূরান্তে ওয়াজ-নসিহত ও দাওয়াতি সফরের ব্যস্ততায় লেখালেখির রাজপথে তিনি তেমন উল্লেখযোগ্য সময় ব্যয় করতে না পারলেও কিছু কিছু অবদান রেখেছেন। ফাঁকে ফাঁকে রচনা করেছেন ক্ষুদ্র কলেবরের কয়েকটি মূল্যবান পুস্তিকাও।
তার মধ্যে একটি হলো, স্বীয় শায়খ কুতুবে আলম মুফতি আজিজুল হক (রহ.)-এর আদর্শ ও দীপ্তিময় কর্মজীবনের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে মাশায়েখে চাটগাম-২—৩৪৩ [রচনাকৃত/প্রকাশিতব্য]।
দুই খণ্ডের অনবদ্য সংকলন কামালাতে আজীজ।আরেকটি হলো ইলমুল গায়র।
ইন্তেকাল:-
এই মহান ব্যক্তিত্ব ২৪ জুলাই ২০১৩ মোতাবেক ১৩ রমজানুল মুবারক ১৪৩৪ হিজরি, বুধবার দুপুর আড়াইটায় পুরো মুসলিম উম্মাহকে এতিম করে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমান।
হুজুর মৃত্যুবরণ করেন দুপুর আড়াইটায়। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো হ্নীলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। হুজুরের ছাত্র-ভক্তদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হ্নীলার আকাশ-বাতাস।
সর্বস্তরের তৌহিদি জনতা জড়ো হতে থাকে হ্নীলা মাদরাসায়। সদর সাহেব (রহ.) চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করার পর জামিয়া ইসলামিয়া পটিয়ায় তাঁর গোসল ও কাফন দেওয়া হয়। এরপর যখন পটিয়া মাদরাসা থেকে তাঁকে হ্নীলা নিয়ে আসা হচ্ছিল, তখন পথে পথে জনতার ঢল নেমেছিল। যেদিকে দৃষ্টি যায়, শুধু মানুষ আর মানুষ। পুরো জানাযার মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না।
সকল মতের উলামা-মাশায়েখ, তালিবে ইলম এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গসহ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দুপুর আড়াইটায় হুজুরের বড় সাহেবজাদা, হ্নীলা দারুস সুন্নাহর সুযোগ্য শিক্ষক মাওলানা আবদুর রহমানের ইমামতিতে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯৭ বছর। তিনি সহধর্মিণী, ৯ পুত্র ও ৬ মেয়ে, নাতি-নাতনি, হাজারো ছাত্র এবং দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ভক্ত-মুরিদান রেখে যান।
তাঁর ছেলে সন্তানরা হলেন যথাক্রমে—
(১) মাওলানা আবদুর রহমান (২) জনাব মাহবুবুর রহমান (৩) জনাব আতিকুর রহমান (৪) মাওলানা হাবিবুর রহমান (৫) জনাব আবদুল্লাহ (৬) জনাব আবদুল আজীজ (৭) জনাব আবদুল কুদ্দুস (৮) জনাব ইমরান (৯)...।
আল্লাহ তাআলা হযরত শাহ ইসহাক সদর সাহেব (রহ.)-এর সকল খেদমত কবুল করুন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করুন। আমীন।
সূত্র: জামিয়া ইসলামিয়া পটিয়া ও স্মরণীয় মাশায়েখ।
رَحِمَهُ اللهُ تَعَالَى وَأَسْكَنَهُ فَسِيحَ جَنَّاتِهِ
“আল্লাহ তাআলা তাঁদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন — আমিন।”
অন্যান্য স্মরণীয় আকাবির (রহ.)
সকলকে দেখুন
মুজাহিদে মিল্লাত আলহাজ্ব শাহ আবুল মনজুর (রহ.)

আল্লামা শাহ সুফি আখতার কামাল (রহ.)

আল্লামা মাহমুদুল হাসান (রহ.)

আল্লামা সৈয়দ আলম (রহ.)

আল্লামা নুরুল ইসলাম(রহ.)

শাইখুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মাদ হানিফ রাগিব (রহ.)

আল্লামা আব্দুশ শকুর হাবিব (রহ.)

আল্লামা মুফতি হুসাইন আহ্মদ ক্বাসেমী (রহ.)

হাফেজ মাওলানা সাব্বির(রহ.)

মাওলানা আবুল মনজুর (পানখালি হুজুর) (রহ.)

হাফেজ মাওলানা মুহাম্মদ নুর (রহ.)
